মাথাভাঙ্গায় ১ কোটি টাকার সোনা সহ গ্রেফতার ২, আজ আদালতে তোলা হবে

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:মাথাভাঙ্গায় প্রায় ৮১৪ গ্রাম সোনার বাট উদ্ধার করে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার সন্ধ্যায় নিশিগঞ্জ এলাকায় নাকা চেকিংয়ের সময় এই সাফল্য পায় মাথাভাঙ্গা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রুনিবাড়ি থেকে নিশিগঞ্জের দিকে আসা একটি টোটো আটক করা হয়। টোটোতে থাকা দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৮১৪ গ্রাম ওজনের একটি সোনার বাট। বৈধ নথি দেখাতে না পারায় সোনা, দুটি মোবাইল ফোন এবং টোটোটি বাজেয়াপ্ত করে পুলিশ।

গ্রেফতার করা হয়েছে আসামের লখিমপুরের আরফান আলি এবং নিশিগঞ্জের রাহুল হোসেনকে। আজ তাদের মাথাভাঙ্গা মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ ৭ দিনের হেফাজতের আবেদন করবে বলে জানা গেছে। সোনাটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে আন্তঃরাজ্য পাচারচক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share This Article
Leave a comment