উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা, দক্ষিণে আংশিক মেঘলা আকাশ—রইল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় দেখা যাবে দুই ভিন্ন চিত্র। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বা টানা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৬ আগস্ট পর্যন্ত পার্বত্য ও সংলগ্ন এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সঙ্গে চলবে মেঘ-রোদের লুকোচুরি। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি এবং সর্বোচ্চ প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Share This Article
Leave a comment