এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:বাংলায় বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। টানা বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে। পাশাপাশি নদী-নালা ফুলে ওঠায় নিচু এলাকায় জল জমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দপ্তর পাহাড়ে ভ্রমণকারী ও স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।